চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, তাঁদের এক নেতার শরীরে পা লাগার পরও ‘সরি’ না বলায় ওই শিক্ষার্থীকে মারধর করেছেন তাঁরা। তবে পুলিশ বলছে, ছাত্রলীগের এক নেতার মেয়েবন্ধুর সঙ্গে আড্ডা দেওয়ায় ওই শিক্ষার্থীকে মারধর করেছেন নেতা-কর্মীরা।পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার বেলা একটা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরের একটি দোকানে মেয়েবন্ধুদের সঙ্গে নাশতা করছিলেন আরবি বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার্থী মো. হেলাল উদ্দিন। হেলালের মেয়েবন্ধুদের একজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাহাত হোসেনের সাবেক বান্ধবী বলে জানা যায়। হেলালের সঙ্গে ওই মেয়েকে দেখায় রাহাত ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রাহাতসহ আরও কয়েকজন গিয়ে তাঁকে মারধর করে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ এসে হেলালকে উদ্ধার করে। তবে ছাত্রলীগের নেতা রাহাত হোসেন উপস্থিত সাংবাদিক ও পুলিশকে বলেন, ‘আমার শরীরে পা লাগার পরও ওই শিক্ষার্থী সরি বলতে অস্বীকার করে। পরে আরও উল্টো কথা বলে সে। এ জন্য তাকে মারধর করেছি।’ এদিকে রাহাতের ওই সাবেক মেয়েবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে মৌখিক অভিযোগ করেন। তিনি প্রক্টরকে মৌখিক অভিযোগে বলেন, রাহাত তিন মাস আগে তাঁকে হেলালের সঙ্গে না হাঁটার জন্য শাসিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন কর্মী এক শিক্ষার্থীকে মারধর করছে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমরা তাকে উদ্ধার করি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।