ছাত্রলীগ নেতাদের আসামি করে হত্যা মামলা
গাজীপুরে কালিয়াকৈরে যুবলীগ নেতা মো. রফিকুল ইসলামের খুনের একদিন পর গতকাল শনিবার রাতে মামলা হয়েছে। রফিকুলের বড় ভাই মো. আব্দুল মোতালেব মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ২০-২২ জনকে আসামি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মামলায় স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মোশারফ হোসেন সিকদার, উপজেলা বিআরডিবি (বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড) চেয়ারম্যান মোশাররফ হোসেন ওরফে জয়, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার মো. জহিরুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রিয়াদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. খাত্তাব মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার দিন শুক্রবার রাতেই পুলিশ কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হোসেন আলী এবং সুজন মিয়া ও মো. সোহেল নামে তিনজনকে আটক করে। আজ রোববার দুপুরে আবদুর রহমান নামে উপজেলা আওয়ামী লীগের এক কর্মীকেও আটক করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের উদ্যোগে চন্দ্রা এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সভা চলার সময় কিছু দূরে চায়ের দোকানে বসে থাকা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।
রফিকুল ইসলামের খুনের প্রতিবাদে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ আজ রোববার কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করে। এর আগে গতকাল শনিবার দুপুরে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মী এবং এলাকাবাসী রফিকুল ইসলামের লাশ নিয়ে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও কালিয়াকৈর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা করে।