ছাত্রলীগ নেতাদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছাত্রলীগের চার নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্র সংগ্রাম পরিষদ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর গত ২২ আগস্ট হামলা হয়। এর আগে ১০ আগস্ট গাইবান্ধায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য তন্ময় আহম্মেদ, ২৩ আগস্ট সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রুহুল আমিন এবং ২৫ আগস্ট সিলেট এমসি কলেজ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের ওপর শিবির হামলা চালায়।
এসব হামলার প্রতিবাদে গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করে ছাত্র সংগ্রাম পরিষদ।
ছাত্র সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, ছাত্রলীগের সহসভাপতি জয়দেব নন্দী, ইমাউল হক সরকার, নাঈম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, হাসানুজ্জামান তারেক, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ এ সময় উপস্থিত ছিলেন।
ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই কর্মসূচি পালিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বক্তব্য দেন।