ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তারের দাবিতে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বিভাগীয় সমাবেশে হামলাকারী ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।
এ সময় ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’ ২৯ নভেম্বরের মধ্যে হামলাকারী ছাত্রলীগের নেতাদের গ্রেপ্তারের দাবি জানায়। তা না হলে ৩০ নভেম্বর সিলেট বিভাগজুড়ে বিক্ষোভ কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়।
গত ১৫ সেপ্টেম্বর সিলেটের কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। হামলায় সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২৫ জন আহত হন। হামলার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠলে ওই দিন রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সংগঠনের সিলেট জেলা কমিটি বাতিল করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের জেলা সভাপতি হিরন মাহমুদসহ আটজনকে আসামি করে মামলা করে। কিন্তু ঘটনার দেড় মাস পার হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
বামপন্থী গণতান্ত্রিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় মোমবাতি প্রজ্বালন করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানায়। মোমবাতি প্রজ্বালনে সিলেটের বামপন্থী সংগঠনগুলোর সঙ্গে সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা একাত্ম হন।
সন্ত্রাস প্রতিরোধ মঞ্চের আহ্বায়ক এমাদ উল্লাহ শহিদুল ইসলাম বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাস নামের অন্ধকার তাড়াতে আমরা মোমবাতি প্রজ্বালন করেছি। সন্ত্রাসী হামলার প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি। ২৯ নভেম্বরের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে ৩০ নভেম্বর বিভাগজুড়ে বিক্ষোভ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’