গুলিস্তানে ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতার জামিন ও রিমান্ডের আবেদন গতকাল রোববার নাকচ করেছেন আদালত।
এ দুজন হলেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান। প্রায় দুই মাস পলাতক থাকার পর ৯ ফেব্রুয়ারি তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল রিমান্ডের আবেদন শুনানির আগে সাব্বির ও আশিকুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ উদ জামান তা নাকচ করেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদনও নাকচ করেন। পরে দুজনকে আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
গত বছরের ২৭ অক্টোবর গুলিস্তানে ফুটপাত ও সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের ও একদল যুবকের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় সাব্বির ও আশিকুর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করেন। এ ঘটনায় শাহবাগ থানার পুলিশ হত্যাচেষ্টার অভিযোগে ওই দুজনসহ ৫০-৬০ জনের বিরুদ্ধে এই মামলা করে।
সাব্বির ও আশিকুর গত ১৭ নভেম্বর এই মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন নেন। জামিনের বিষয়টি জানাজানি হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁদের জামিন বাতিল করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত ৪ ডিসেম্বর ওই আবেদনের শুনানির দিন ধার্য করেছিলেন। তবে সেদিন এ দুজন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের জামিন বাতিল করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁরা ৯ ফেব্রুয়ারি আত্মসমর্পণ করলে আদালত রিমান্ডের আবেদনের শুনানির জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।