ছাত্রলীগ নেতাদের ঢাকায় তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে ঢাকায় তলব করেছে কেন্দ্রীয় কমিটি। ছাত্রশিবিরকে তোষণের অভিযোগে সভাপতি মামুনুল হকের পদত্যাগে সৃষ্ট পরিস্থিতিতে তাঁদের তলব করা হয়েছে বলে জানা গেছে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব সদস্যকে ঢাকায় তলব করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে আমরা বৈঠক করব।’ সিদ্দিকী নাজমুল আলম আরও বলেন, এখনো কাউকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান পরিস্থিতি জানার জন্য কমিটির ১৫ সদস্যের সবাইকে তলব করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমরা মেনে নেব।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরের জিইসি মোড়ে অবস্থিত একটি রেস্তোরাঁয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মিসভার আয়োজন করা হয়। সভায় কর্মীরা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে সভাপতি মামুনুল হককে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। এ ছাড়া ছাত্রশিবিরের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় মামুন কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। ওই অবস্থায় সভাপতি মামুনুল পদত্যাগ করেন বলে সংগঠন থেকে জানানো হয়। এদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একাংশের নেতা-কর্মীরা গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরে মিছিল-সমাবেশ করেছেন। ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবিরের ‘নৈরাজ্য, তাণ্ডব ও সন্ত্রাসী’ হামলার প্রতিবাদে এ মিছিল-সমাবেশ করে।