প্রতিবন্ধী শামীম হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকার সাভারে গতকাল সোমবার মানববন্ধন,
মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী ও বিভিন্ন সংগঠন।
জাতীয় প্রতিবন্ধী ফোরাম, স্পাইনাল কর্ড ইনজুরি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, সাভার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন
পরিষদ ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির নেতা-কর্মীসহ এলাকাবাসী সাভার উপজেলা পরিষদের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে
মানববন্ধন করেন। এতে শামীমের এক মাসের ছেলে ফারজিন হোসেনকে নিয়ে তাঁর স্ত্রী ও মা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে
সমাবেশ হয়। বক্তারা অনতিবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম ও কামরুল হাসানের গ্রেপ্তার ও ফাঁসির
দাবি জানান।
সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে সাভার উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন,
‘আপনার সোনার ছেলেরা একজন প্রতিবন্ধীকে পিটিয়ে মেরে ফেলেছেন। শুধু শামীমকেই নয়, তাঁরা আরও হত্যার সঙ্গে জড়িত।
আর এই খুনিরাই সাভারে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছিলেন।’ সমাবেশ শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
শামীম গত মঙ্গলবার রাত নয়টার দিকে সাভার বাজার সড়কের একটি দোকানে মুঠোফোনে রিচার্জ করতে যান। এ সময় আগে
রিচার্জ করা নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সাভার ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান তাঁকে রড
দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। গত শনিবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শামীম মারা যান।