ছাত্রলীগ নেতার আবদার না রাখায় কলেজে তালা
জয়পুরহাটের আক্কেলপুর মুজিবর রহমান (এম আর) ডিগ্রি কলেজের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত ফির কমে ফরম পূরণে ব্যর্থ হয়ে ছাত্রলীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জানিয়েছেন।তবে ছাত্রলীগের নেতা-কর্মীদের দাবি, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের অফিসকক্ষে তালা দিয়েছেন।কলেজ সূত্রে জানা গেছে, ২০১২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের ফি দেড় হাজার টাকা। ৮ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা গত রোববার কলেজে এসে এক হাজার ২০০ টাকা করে ফরম পূরণের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে ১০০ জনের একটি তালিকা দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্ধারিত ফির কমে ফরম পূরণে অপারগতা প্রকাশ করেন। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল সোমবার কলেজের অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন।গতকাল দুপুরে কলেজে গিয়ে দেখা গেছে, অফিসকক্ষে তালা ঝুলছে। কর্মচারীরা বাইরে বসে আছেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হচ্ছে।ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জানান, গত রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা ১০০ জনের একটি তালিকা জমা দেন। কমে ফরম পূরণ সম্ভব নয় বলে জানানো হলে তাঁরা সোমবার সকালে কলেজের অফিসকক্ষ থেকে কর্মচারীদের বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন।উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নরেশ চন্দ্র প্রথম আলোকে জানান, তিনি ২২ জন গরিব ছাত্রের ফরম এক হাজার ২০০ টাকা করে পূরণ করার জন্য একটি তালিকা দিয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর দাবি মানেননি। ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় শিক্ষার্থীরা কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন।ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করে জানান, সাধারণ শিক্ষার্থীরা আগেই ফরম পূরণ করেছেন। এ ব্যাপারে তাঁরা কোনো আপত্তি করেননি।