চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়েছে স্থানীয় কয়েকজন যুবক। এ ঘটনার জের ধরে গতকাল রোববার দুপুরে তিন ঘণ্টা শাটল ট্রেন আটকে রাখেন ছাত্রলীগের কর্মীরা। এতে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে বিকেলে উপাচার্যের হস্তক্ষেপে শাটল ট্রেন চলাচল শুরু হয়।জানা গেছে, ছাত্রলীগের আহত নেতার নাম জাহিদুল ইসলাম ওরফে জুয়েল। তিনি ছাত্রলীগের উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িতে মশিউর রহমান নামের ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের বাগিবতাণ্ডা হয়। এর আধাঘণ্টা পর স্টেশনে এসে স্থানীয় যুবকেরা জাহিদুলকে একা পেয়ে মারধর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শাটল ট্রেন আটকে রাখে।ছাত্রলীগের নেতারা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে শাস্তির দাবি করেছেন। অন্যথায় তাঁরা ক্যাম্পাস অচল করে দেবেন বলে হুমকি দেন। ছাত্রলীগের সহসভাপতি আনিসুজ্জামান ওরফে ইমন বলেন, ‘স্থানীয় কয়েকজন যুবক আমাদের এক নেতাকে লাঠি ও ইট দিয়ে বেধড়ক পিটিয়েছে। উপাচার্যের কাছে এ ঘটনার বিচার চেয়েছি। সুষ্ঠু বিচার না পেলে আমরা কঠোর আন্দোলনে যাব।’তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত প্রক্টর চন্দন কুমার পোদ্দার বলেন, ‘বহিরাগত যুবকেরা এ ঘটনা ঘটিয়েছে। আবার যাকে মেরেছে, তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। বিশ্ববিদ্যালয়ে তাঁর ছাত্রত্ব নেই।