ছাত্রলীগ নেতার ওপর হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে ছাত্রলীগের এক নেতার ওপর হামলা, কক্ষ ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে৷ গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, ছাত্রলীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে রামদা, রডসহ দেশীয় অস্ত্রসহ বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী আবাসিক হলে ঢুকতে যান। ছাত্রলীগের নেতা শফিকুল ইসলাম বাধা দিলে তাঁকে পিটিয়ে আহত করা হয়। এতে ছাত্রলীগের বিবদমান বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বঙ্গবন্ধু হল ও শাহ পরান হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় সৈয়দ মুজতবা আলী হল প্রায় শিক্ষার্থীশূন্য ছিল। এ সময় বহিরাগতরা সৈয়দ মুজতবা আলী হলের চারটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। ভাঙচুর করা ৩০২ নম্বর কক্ষে সিলেটের দৈনিক উত্তর-পূর্বর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিল সিদ্দিকী ও জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসাদুজ্জামান থাকেন।
ছাত্রলীগের নেতা শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার বেলা দেড়টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের কয়েকটি পক্ষ।
এদিকে হামলার ঘটনায় সিলেটের ছাত্রলীগের সাবেক নেতা পীযূষ কান্তি দেসহ আটজনকে আসামি করে সিলেটের জালালাবাদ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলার অপর আসামিরা হচ্ছেন বহিরাগত আনোয়ারুল হক ও সুপ্রিয় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম, সৈয়দ জুয়েম, মোস্তাক মিয়াজি, আলী হাসান ও আরিফ হাসান।
যোগাযোগ করা হলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেন, ‘গত কয়েক দিনের ঘটনা অনভিপ্রেত। অভিযোগের ভিত্তিতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল রাখতে আমরা সকলের সহযোগিতা চাই।’
গত মঙ্গলবার রাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী সোহাগ আহমেদকে মারধর করেন সৈয়দ জুয়েম ও জাবেদ হোসেনের নেতৃত্বে কয়েকজন৷ এর জের ধরে রোববার রাতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।