ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম ওরফে সাদ্দাম ও সাবেক কর্মী গোলাম রাব্বানি ওরফে তুফানের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ বাদী হয়ে নগরের মতিহার থানায় মামলাটি দায়ের করেন। শরিফুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান জানান, শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ওরফে ইমনসহ ৩৪ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত ১৪-১৫ জনকে এই মামলার আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, ঘটনার পর আটক আরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, শান্ত ও সুজন আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন করা হলেও আদালত শুনানির দিন ধার্য করেননি।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ওয়ালিদ আহমেদ জানান, বুধবার রাত ১১টার দিকে শরিফুলকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর সিটিস্ক্যান করা হয়।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ধরমপুর এলাকায় শরিফুল ও রাব্বানি সন্ত্রাসী হামলার শিকার হন। শরিফুলের ফুসফুস, ডান ও বাঁ পায়ের গোড়ালির ওপরের রগ ও বাঁ হাতের কবজির ওপরের রগ কেটে দেওয়া হয়।