ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, সাবেক সাধারণ সম্পাদক মীর তৌহিদুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল একের পর এক ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছে। এর ধারাবাহিকতায় ছাত্রলীগের নেতা শিমুলের ওপর হামলা করা হয়েছে। সমাবেশ থেকে সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়েছে।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, হামলাকারীদের এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে আটক করার চেষ্টা চলছে।
গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন শিমুল আহত হন। শিমুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।