ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ
শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরসহ চার নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করা হয়েছে। শরীয়তপুর জেলা ছাত্রলীগ ও সরকারি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, মঙ্গলবার জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবরের ওপর হামলা চালান সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ তালুকদারের সমর্থকেরা। হামলায় মহসিনসহ চার ছাত্রলীগ নেতা আহত হন। এ ঘটনায় শরীয়তপুর সদরের পালং মডেল থানায় ৩০ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়। জেলা ছাত্রলীগ আসামিদের দ্রুত গ্রেপ্তার ও সবুজ তালুকদারকে শরীয়তপুর সরকারি কলেজ থেকে বহিষ্কারের দাবিতে সড়ক অবরোধের কর্মসূচি নেয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মী ও কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে ও ধানুকা এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করেন। তাঁরা সড়কে গাছ ফেলে ও আগুন জালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপাধ্যক্ষ ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার এহসান শাহ শিক্ষার্থীদের দাবি বিবেচনার আশ্বাস দিলে বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন কোতোয়াল বলেন, ‘সন্ত্রাসী সবুজ তালুকদারকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে। আমাদের এ দাবি না মানা হলে আগামী শনিবার থেকে সারা জেলার সড়ক অবরোধ ও কলেজে ধর্মঘট কর্মসূচি দেওয়া হবে।’