ছাত্রলীগ নেতার গাড়ি থেকে গাঁজা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ আলম ওরফে দীপুর ব্যক্তিগত গাড়ি থেকে গত শনিবার রাতে তিন কেজি গাঁজা জব্দ করেছে টঙ্গী মডেল থানার পুলিশ। এ সময় গাড়ির চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গাড়ি ছাড়াতে থানায় এসে দুর্ব্যবহারের অভিযোগে ছাত্রলীগের নেতা মাসুদকে প্রায় পাঁচ ঘণ্টা থানাহাজতে আটকে রাখে পুলিশ। পরে যুবলীগের এক নেতা এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিউর রহমান বলেন, শনিবার রাতে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে তিনি টঙ্গীর নিমতলী রেলগেট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি আটক করেন। গাড়িতে তল্লাশি চালিয়ে তাঁরা পলিথিনে বাঁধা তিন কেজি গাঁজা জব্দ করেন। গাড়ির যাত্রী রোকসানা আক্তার (২২) ও চালক সাকিবকে (৩২) আটক করে রাত আটটার দিকে থানায় আনা হয়।
এসআই রাজিউর আরও জানান, খবর পেয়ে ছাত্রলীগের নেতা মাসুদ টঙ্গী থানায় ছুটে আসেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে অশালীন আচরণ করেন। একপর্যায়ে তাঁকে থানাহাজতে আটকে রাখা হয়। পরে যুবলীগের প্রভাবশালী এক নেতা থানায় এসে রাত দেড়টার দিকে মাসুদকে ছাড়িয়ে নেন। যুবলীগের ওই নেতার নাম বলতে চাননি এসআই।
মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘আটক গাড়ি ছাড়িয়ে নিতে থানায় গিয়েছিলাম। সাকিব আমার গাড়িচালক, কিন্তু তাঁর সঙ্গের মেয়েকে চিনি না। তাঁরা গাঁজাগুলো কোথা থেকে এনেছেন, তা-ও জানি না।’
টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গাঁজা জব্দের ঘটনায় রোকসানা ও চালক সাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকাল দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।