ছাত্রলীগ নেতার চাঁদা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাহিত্যবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর কাছে তিন লাখ টাকা দাবি করেছেন। এ ব্যাপারে ওই কর্মচারী রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে সানোয়ার হোসেন দাবি করেছেন, তিনি ছাত্রলীগের এক নেতার পাওনা টাকা তুলে দেওয়ার চেষ্টা করছেন।
লিখিত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, গত শুক্রবার দুপুরে তিনি তাঁর কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচজন লোক বিশমাইল এলাকায় তাঁর গতিরোধ করেন। তাঁদের চারজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেন। তাঁরা জাহাঙ্গীরের কাছে তিন লাখ টাকা দাবি করেন। ওই দিন রাতে মুঠোফোনে ফোন করে ছাত্রলীগের নেতা সানোয়ার হোসেনও তাঁর কাছে ওই পরিমাণ অর্থ দাবি করেন। গত শনিবার বেলা দুইটার দিকে সানোয়ার এস্টেট কার্যালয়ে এসে জাহাঙ্গীরকে গালিগালাজ করে আবারও টাকা দাবি করেন।
জানতে চাইলে সানোয়ার হোসেন বলেন, ‘জাহাঙ্গীরের বাবা জমির দালালি করতেন। ২০০৯ সালে একটি জমির বায়না বাবদ তার বাবার কাছে তিন লাখ টাকা পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক। ওই ছাত্রলীগ নেতা আমার পরিচিত। তার টাকা আমি তুলে দেওয়ার চেষ্টা করছি।’
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার বাবা দুই বছর আগে মারা গেছেন। এর মধ্যে কেউ আমার কাছে টাকা দাবি করেনি। হঠাৎ এ মাসের শুরুর দিকে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, এ ধরনের অভিযোগ জাহাঙ্গীরের কাছে তিনি শুনেছেন। তাঁর মাধ্যমে জাহাঙ্গীর রেজিস্ট্রারের কাছ লিখিত অভিযোগ দিয়েছেন। রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক বলেন, ‘অভিযোগটি হয়তো আমার কার্যালয়ে এসেছে। ব্যস্ত ছিলাম, আগামীকাল (আজ) এটি দেখব।’