ছাত্রলীগ নেতার জখম পা অস্ত্রোপচারে বাদ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অস্ত্রাঘাতে গুরুতর জখম হওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসের একটি পা অস্ত্রোপচারে বাদ দেওয়া হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকেরা তাঁর বাম পা গোড়ালির নিচ থেকে কেটে ফেলেন।
স্কয়ার হাসপাতাল সূত্র জানায়, শনিবার বেলা আড়াইটার দিকে উত্তম কুমার দাসকে হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা পায়ের গোড়ালির নিচের অংশের রক্ত সঞ্চালনপ্রক্রিয়া সক্রিয় করার চেষ্টা করেন। কিন্তু দীর্ঘ সময় চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় তাঁর বাম পায়ের গোড়ালি থেকে নিচের অংশ কেটে ফেলার সিদ্ধান্ত নেন।
উত্তম বর্তমানে স্কয়ার হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমানের অধীনে চিকিৎসাধীন। পা কেটে ফেলার পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
ওই হাসপাতালে উত্তমের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার প্রথম আলোকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের একটি রেস্তোরাঁয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাসকে কুপিয়ে জখম করে মুখোশধারীরা। হামলায় তাঁর হাত, পা, পেটসহ শরীরের বিভিন্ন অংশ জখম হয়। তাঁকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা দুই দিন কয়েক দফায় অস্ত্রোপচার করে তাঁর শরীরের জখম হওয়া বিভিন্ন অংশ সক্রিয় করতে পারলেও বাম পায়ের গোড়ালির নিচের অংশ করতে পারেননি।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় একটি হত্যা-চেষ্টার মামলা করেন। হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।