ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদনান খান (ছবি ফেসবুক থেকে নেওয়া)
আদনান খান (ছবি ফেসবুক থেকে নেওয়া)

নেত্রকোনা জেলা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক আদনান খানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের সাতপাই চক্ষু হাসপাতাল এলাকায় তাঁর নিজ বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান মানিকের ছেলে আদনান।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আদনান নেত্রকোনা শহর থেকে ঘুরে এসে শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে প্রায় ১৫ মিনিট পর পরিবারের লোকজন কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা মডেল থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আদনানকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, ছাত্রলীগ নেতা কী কারণে আত্মহত্যা করেছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।