ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মো. জুলহাস ওরফে ভুট্টো (২৩) নামে ছাত্রলীগের এক নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে আমুয়া বন্দরের পরিত্যক্ত একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে কাঁঠালিয়া থানার পুলিশ।
থানা-পুলিশ সূত্র জানায়, জুলহাসের পারিবারিক সম্পত্তির একটি পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে তাঁর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। জুলহাস উপজেলার আমুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও স্থানীয় আফজাল হোসেনের ছেলে। জুলহাস আমুয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বলে জানিয়েছে তাঁর পরিবার।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, জুলহাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
এলাকাবাসী সূত্র জানায়, জুলহাসদের ওই ঘরে অনেক বছর ধরে কেউ বসবাস না করায় ঘরটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ঘরটি পরিত্যক্ত থাকায় সেখানে মাদকের আসর বসত বলে জানিয়েছেন এলাকাবাসী।