ছাত্রলীগ নেতার দণ্ড ছাড়াতে এসে সাজা হলো আরেক নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় চুরি করে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক কর্মীকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। ছাত্রলীগের নেতাকে ছিনিয়ে নিতে গেলে আরেক নেতাকে এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম চৌধুরী রওশন ইসলাম ও লালমোহন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ব্যবস্থাপক (অর্থ) মো. সিরাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গতকাল ১২টার দিকে লালমোহন পৌরসভার হাসপাতাল মোড়ে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. সোহেলের বাড়িতে অভিযান চালালে মিটারবিহীন বিদ্যুৎ-সংযোগ পাওয়া যায়। সোহেলের পরিবার ছয় বছর ধরে চোরাই সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। ভ্রাম্যমাণ আদালত সোহেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জোবায়ের তাঁকে ছিনিয়ে নিতে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অপরাধে জোবায়েরকে এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
একই এলাকায় চোরাই বিদ্যুৎ ব্যবহারের দায়ে আওয়ামী লীগ কর্মী গোলাম কিবরিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।