ছাত্রলীগ নেতার দম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ইউনিয়নপর্যায়ে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চাকলাহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বলেন, ‘সদর উপজেলার চাকলাহাটে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গোলপোস্ট তৈরির জন্য সরকারি গাছের ডাল কেটেছি, তাতে কী এমন হয়েছে? উদ্বোধনী অনুষ্ঠানে এমপি, ডিসি, এসপি উপস্থিত থাকবেন।’ প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকেলে কামরুজ্জামানের নেতৃত্বে পঞ্চগড়-চাকলাহাট সড়কের কেকুপাড়ায় একটি আকাশমণিগাছ কাটা শুরু হয়। এলাকাবাসী তাতে বাধা দেয়। বাধা উপেক্ষা করে ওই নেতা গাছ কাটতে থাকলে এলাকাবাসী বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য ও গ্রামপুলিশ পাঠালে কামরুজ্জামান পালিয়ে যান। পরে গাছটি জব্দ করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়।চাকলাহাট ইউপির চেয়ারম্যান আবু দাউদ প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সরকারি গাছ কাটার খবর পেয়ে ইউপি সদস্য ও গ্রামপুলিশকে ঘটনাস্থলে পাঠাই। তাঁরা গাছ জব্দ করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।’