ছাত্রলীগ নেতার দায়িত্ববোধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনকনে শীতের রাতে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের অতিথি কক্ষের চিত্র ছিল কিছুটা আলাদা। ছাত্রলীগের হল শাখার সভাপতি ও তাঁর অনুসারীদের সামনে ‘কাঠগড়ায়’ দাঁড়িয়েছিলেন বিভিন্ন বিভাগের তৃতীয় সেমিস্টারের ১০-১২ জন ছাত্র। তাঁরা সবাই হলের ২২৬ (ক) কক্ষে থাকেন। তাঁদের অপরাধ—অতিথি কক্ষে ছাত্রলীগের সভায় উপস্থিত হননি, বড় ভাইদের দেখেও সালাম দেননি।প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, জেরার একপর্যায়ে হল শাখার সভাপতি সাইদ মজুমদার ও তাঁর অনুসারী কয়েকজন নেতা-কর্মী ওই শিক্ষার্থীদের ভাঙা টেবিল ও চেয়ারের পায়া দিয়ে মারধর শুরু করেন। ছাত্রলীগের ওই নেতাদের মধ্যে একজন এ সময় কয়েকজন ছাত্রের মাথা দেয়ালের সঙ্গে ধাক্কা দেন। এ ঘটনায় গুরুতর আহত হন সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র শফিক। এ ছাড়া বিশ্ব ধর্মতত্ত্ব বিভাগের প্রভাষ, উর্দু বিভাগের বাশার এখনো হলের বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে হল সভাপতি সাইদ মজুমদার রাতে সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইদের সালাম দেয় না, সম্মান করে না, প্রোগ্রামে আসে না—তাদের মারব না তো কী করব?’ তবে বিকেলে সাইদ মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কিছু ছাত্র হলে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছিল। তাই তাদের হল থেকে বের করে দিয়েছি।’ এটা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে কি না জানতে চাইলে সাইদ মজুমদার বলেন, ছাত্রলীগের একটি শাখার নেতা হিসেবে এটা তাঁর দায়িত্ব। রাতের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকেরা যখন যোগাযোগ করেছিলেন, তখন রাগের মাথায় তিনি কথাগুলো বলেছিলেন। হল প্রাধ্যক্ষ খোন্দকার আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ করেনি।’ ৭৩-এর অধ্যাদেশ অনুযায়ী, হলের শিক্ষার্থীদের দেখাশোনার দায়িত্ব হল কর্তৃপক্ষের—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘রাখেন আপনার অধ্যাদেশ। কেউ অভিযোগ না করলে ব্যবস্থা নিতে পারব না।’