ছাত্রলীগ নেতার নামে বাদাম চুরির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম ওরফে বাঁধনের বিরুদ্ধে বাদাম চুরির অভিযোগে মামলা হয়েছে। হাতীবান্ধা থানায় গত মঙ্গলবার মামলা করা হয়। তবে রবিউল এ অভিযোগ অস্বীকার করেছেন।
এ মামলার অন্য আসামিরা হলেন উপজেলার দক্ষিণ পাটুরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৫), দেলবর রহমানের ছেলে মোর্শেদুল ইসলাম (২৩), মৃত আফজাল হোসেনের ছেলে ঈমান আলী (৪০), আবু জাফরের ছেলে মো. রানা (৩৫) ও আবদুর রশিদের ছেলে হুমায়ুন কবির (৩০)।
হাতীবান্ধা থানা-পুলিশ ও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার উত্তর পাটুরিয়া গ্রামের আফজাল হোসেনের সাত বস্তা বাদাম চুরি হয়। তিনি এ বাদাম চুরির ঘটনাটি মৌখিকভাবে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিউল আলমকে জানান। এরপর গ্রাম পুলিশের সহযোগিতায় বাদাম চুরির সঙ্গে জড়িত জাহেদুল ইসলাম (২৫) ও মোর্শেদুল ইসলাম (২৩) নামের স্থানীয় দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করা হয়। এরপরের দিন (মঙ্গলবার) বাদামের মালিক আফজাল হোসেন বাদী হয়ে চুরির ঘটনায় হাতীবান্ধা থানায় রবিউল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
মামলার বাদী আফজাল হোসেন বলেন, ‘ছাত্রলীগ নেতা রবিউল ইসলামদের বাড়ি থেকে যেহেতু চুরি হওয়া সাত বস্তা বাদাম উদ্ধার হয়েছে, সে জন্য তাঁকেসহ জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা করেছি।’
পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘চুরি যাওয়া বাদামগুলো উদ্ধার করে আমার গোডাউনে রেখে এর প্রকৃত মালিককে সংবাদ দেওয়া হয়েছিল। স্থানীয় একজন জনপ্রতিনিধির রাজনৈতিক প্রতিহিংসার ইন্ধনে মামলার বাদীকে দিয়ে আমার বিরুদ্ধে হয়রানিমূলক এ মিথ্যা মামলা করা হয়েছে।’ তিনি বলেন, এ মামলা প্রত্যাহার না করা হলে আন্দোলনের মাধ্যমে মামলা প্রত্যাহারে বাধ্য করা হবে।
হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বাদাম চুরির সঙ্গে জড়িত সন্দেহে জাহেদুল ইসলাম ও মোর্শেদুল ইসলাম নামের দুই যুবককে গ্রেপ্তার করে লালমনিরহাটের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, চুরি যাওয়া বাদামগুলো রবিউল ইসলামের বাড়ির গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে বলে তাঁর বিরুদ্ধে বাদী মামলা করেছেন । তিনি বলেন, ঘটনাটির সার্বিক বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ‘পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের বিরুদ্ধে বাদাম চুরির অভিযোগ এনে থানায় মামলা হওয়ার কথা শুনেছি।’ তিনি বলেন, ‘খোঁজখবর নিয়ে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর তাঁর সম্পৃক্ততা না পাওয়া গেলে তাঁকে বাদীর বিরুদ্ধে মানহানির মামলা করার জন্য বলব।’ তিনি বলেন, যেহেতু থানায় মামলা হয়েছে, পুলিশও তদন্ত করে দেখছে। তিনি আর কিছু বলতে চাননি।