ছাত্রলীগ নেতার নেতৃত্বে কেন্দ্রের সামনে থেকে পরীক্ষার্থী অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি পরীক্ষাকেন্দ্রের সামনের রাস্তা থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে৷ গত রোববার সকালে স্থানীয় এক ছাত্রলীগের নেতার নেতৃত্বে বোয়ালমারী সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে ওই ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে৷ ওই নেতার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এদিকে এ ঘটনায় চারজনকে আসািম করে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অপহৃত ওই পরীক্ষার্থী উপজেলার একটি মহিলা কলেজের বাণিজ্য বিভাগের ছাত্রী৷ রোববার সকাল সাড়ে নয়টার দিকে কম্পিউটার দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষায় অংশ নিতে তাঁর মায়ের সঙ্গে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন৷ একপর্যায়ে কেন্দ্রের সামনের রাস্তায় একটি কালো মাইক্রোবাস তাঁদের গতিরোধ করে৷ মাইক্রোবাস থেকে চার-পাঁচজন তরুণ নেমে ছাত্রীর মাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ছাত্রীকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তোলেন৷ পরে মাইক্রোবাসটি বোয়ালমারী-মাঝকান্দি সড়ক দিয়ে মাঝকান্দির দিকে চলে যায়৷
অপহৃত ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ছাত্রলীগের নেতা বখাটে আশরাফুর রহমান ঠাকুর ও তাঁর সহযোগীরা আমাকে ধাক্কা মেরে রাস্তার ওপর ফেলে দেয়৷ আর আমার মেয়েকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়৷’ আশরাফুর দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বলেও অভিযোগ করেন তিনি৷
আশরাফুর দ্বিধাবিভক্ত উপজেলা ছাত্রলীগের এক অংশের পৌর আহ্বায়ক কমিটির সদস্য৷ বাড়ি বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে৷ তবে বাবা-মায়ের সঙ্গে তিনি আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকেন৷ আশরাফুর স্থানীয় একটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র৷
এদিকে বোয়ালমারী থানার পুলিশ গতকাল বেলা আড়াইটার দিকে অপহরণ কাজে ব্যবহৃত সন্দেহে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৪-০৬৭৮) আটক করেছে। পুলিশ মাইক্রোবাসটির চালক শেখর ইউনিয়নের চর শেখর গ্রামের মো. টোকন সর্দারের ছেলে মো. আবু বক্কর সিদ্দিকী (২৫) ও মাইক্রোবাসের মালিক ময়না ইউনিয়নের চরবর্ণি গ্রামের মো. আফসার মোল্লার ছেলে মো. আশরাফুল আলমকে (৩২) আটক করেছে।
আবু বক্কর সিদ্দিকী দাবি করেছেন, েরাববার অপহরণ ঘটনার সময় তিনি একটি ভাড়া নিয়ে বোয়ালমারীর দাঁদপুর ইউনিয়নের চিতার বাজারে অবস্থান করছিলেন। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই এস এম রায়হান দাবি করেছেন, আবু বক্কর অপহরণ ঘটনায় জড়িত থাকতে পারেন। এদিকে চারজনকে আসািম করে মামলা হয়েছে। তাঁরা হলেন কামারগ্রাম মহল্লার আশরাফুর রহমান ঠাকুর (২৩), তাঁর বাবা আজিজুর রহমান ঠাকুর (৫৮), মা খোদেজা বেগম (৪৮) এবং আশরাফুর রহমানের সহযোগী কামারগ্রাম মহল্লার রুবেল মিয়া (২২)।
পরীক্ষা পরিচালনার নীতিমালা অনুযায়ী পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা বলবৎ ও পুলিশি নিরাপত্তা থাকে৷ এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন বলেন, অপহরণের ঘটনাটি হলের ফটক থেকে দূরের রাস্তায় ঘটেছে৷ এ ক্ষেত্রে পুলিশের কিছু করণীয় ছিল না৷ তিনি আরও বলেন, মূল আসামি আশরাফুরের বাবা আজিজুরকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷