ছাত্রলীগ নেতার নেতৃত্বে রেলের ভবন দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ আতিয়ার কলোনি বার্মাসেল এলাকায় রেলওয়ের একটি কোয়ার্টার দখল হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শনিবার দরজার সিলগালা ভেঙে কোয়ার্টারটি দখল করে নেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি দিলনেওয়াজ খানের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী শনিবার বিকেলে বার্মাসেল এলাকায় এসে হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা সিলগালা করা কোয়ার্টারটি দখল করে নেন।নাম প্রকাশে অনিচ্ছুক একজন এলাকাবাসী বলেন, ‘দখলদারদের সামনে দাঁড়ানোর মতো সাহস আমাদের ছিল না। তাই ওরা নির্বিঘ্নে কোয়ার্টারটি দখল করে সেখানে একটি পরিবারকে ঢুকিয়ে দেয়।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মকবুল হোসেন ওই কোয়ার্টারটিতে বসবাস করতেন। কয়েক দিন আগে তিনি চাকরি থেকে অবসরে যান। সে অনুযায়ী গত শুক্রবার তিনি কোয়ার্টারটি খালি করে চলে যান। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এরপর এটি সিলগালা করে দেয়।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোয়ার্টারটিতে দুটি কক্ষ ও একটি রান্নাঘর আছে। এর সামনে রয়েছে ছোট একটি বারান্দা। দখলে নেওয়ার পর এখন এখানে উপজেলা ছাত্রলীগের সদস্য জামালের মা উঠেছেন। গতকাল রোববার বেলা একটার দিকেও তিনি সেখানে ছিলেন। রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের সৈয়দপুর কার্যালয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আহসান জাবির বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। কোয়ার্টারটি দখলমুক্ত করতে রেলওয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ উপজেলা ছাত্রলীগের সভাপতি দিলনেওয়াজ খান রেলওয়ের ওই কোয়ার্টারটি দখল করার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার বন্ধু জামিলের গরিব ও বিধবা মাকে পুনর্বাসিত করতেই আমরা কোয়ার্টারটি দখল করেছি। এখন থেকে ওই কোয়ার্টারে জামিলরা থাকবে।’ছাত্রলীগের নেতা জামিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।