চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছাত্রলীগ নেতার নেতৃত্বে শ্রেণীকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত!
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতার নেতৃত্বে শ্রেণীকক্ষে ঢুকে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ২০৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী রাজনীতি বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ইয়াকুব আলীর ওপর হামলা চালান। এ সময় ইয়াকুবের নাকে ও ঘাড়ে ছুরির আঘাত লাগে। ইয়াকুবের বন্ধু পলাশ কুমার রায় এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এ সময় বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক সিদ্দিক আহমেদ চৌধুরী এসে পলাশকে উদ্ধার করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ এসে তাঁকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।জানতে চাইলে সিদ্দিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ হট্টগোল শুনেই শ্রেণীকক্ষে গিয়ে এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করি। আমি যাওয়ার পূর্বেই হামলাকারীরা পালিয়ে যায়।’হামলার শিকার ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, সহপাঠী এক ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি ওই ছাত্রীর বিয়ে হয়ে গেলে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এর পর থেকে তাঁর সঙ্গে কোনো যোগাযোগ নেই বলে দাবি করেন। কিন্তু হামলাকারীরা ওই ছাত্রীকে বিরক্ত করার অভিযোগ এনে তাঁর ওপর হামলা চালান।ওই ছাত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ইয়াকুব আমাকে বিভিন্নভাবে নাজেহাল ও আমার স্বামীকেও হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে আমাদের সংসারেও টানাপোড়েন শুরু হলে আমার এক মামাকে বিষয়টি খুলে বলি। তবে আজকের (সোমবার) ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’ অপরদিকে নিজেকে নির্দোষ দাবি করেছেন আরিফুল ইসলাম। জানা যায়, ওই ছাত্রীর মামার বাড়ি চট্টগ্রামের রাউজানে ও ছাত্রলীগ নেতা আরিফুলের বাড়িও একই উপজেলায়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হক প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রলীগের কেউ জড়িত থাকলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।