ছাত্রলীগ নেতার পরিবারকে উচ্ছেদের ঘটনায় মামলার আসামি কারাগারে
লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেন ও তাঁর মায়ের ওপর হামলা এবং তাঁদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করার মামলার প্রধান আসামি আজাদ খাঁনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজাদ খাঁন ওরফে সবুজ এনসিসি ব্যাংক লক্ষ্মীপুর শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আক্কাস খাঁনের ছেলে। তাঁকে গত সোমবার সন্ধ্যায় জেলা শহরের ঝুমুর এলাকা গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট রায়পুরের দেনায়েতপুর এলাকার টিসি সড়কে সোহরাবদের বসতবাড়ি আজাদ ও তাঁর ছোট ভাই ফিরোজ খান ভাড়াটে লোকজন নিয়ে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে সোহরাব ও তাঁর মাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে তাঁরা সোহরাব ও তাঁর বোনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। ওই দিন বিকেলে সোহরাবকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ১৪ আগস্ট সোহরাবের মা দেলোয়ারা বেগম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত নালিশি ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখতে রায়পুর থানার ওসি ও স্থানীয় ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১৪ আগস্ট থেকে তিন দিনে প্রতিপক্ষের লোকজন সোহরাবের বসতঘর গুঁড়িয়ে দিয়ে আসবাব লুটে নেয়। এ নিয়ে গত ২৯ নভেম্বর প্রথম আলোতে ‘ছাত্রলীগ নেতার পরিবারকে উচ্ছেদের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
গত ৪ নভেম্বর দেলোয়ারা বেগম ও তাঁর ছেলে ছাত্রলীগের নেতা সোহরাবকে পিটিয়ে ও কুপিয়ে আহত ও তাঁদের বসতবাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগে লক্ষ্মীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। সোহরাবের বোন সুমি আক্তার বাদী হয়ে এ মামলা করেন। এতে আজাদ, ফিরোজ আলী খাঁনসহ ছয় জনকে আসামি করা হয়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ডিবি পুলিশ আজাদকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গতকাল তাঁকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রায়পুর) আদালতে পাঠানো হয়।