ছাত্রলীগ নেতার প্রক্সি দিতে গিয়ে শিক্ষক কারাগারে
কথা ছিল পরীক্ষা শেষে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। এর বিনিময়ে পরীক্ষায় পাস নম্বর তুলে দিতে হবে। কিন্তু তা আর হলো না। এক ছাত্রলীগের নেতার প্রক্সি দিতে গিয়ে (ভুয়া পরীক্ষার্থী সেজে) ধরা পড়ে অবশেষে শ্রীঘরে যেতে হলো তাঁকে। তাঁর নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বাংলার শিক্ষক। গতকাল শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কলেজশিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রের ১০৫ নম্বর কক্ষে খাতা স্বাক্ষরের সময় ৪০১১৫৯৪৯ রোল নম্বর পরীক্ষার্থীর প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তির অমিল পান দায়িত্বরত কক্ষ পরিদর্শক আব্দুস সাত্তার। প্রবেশপত্রের ওই ছবি ও স্বাক্ষরটি কুমারখালীর ভালুকা গ্রামের নুরুল ইসলামের ছেলে আমিরুল ইসলাম ওরফে তুষারের। কিন্তু সেখানে পরীক্ষা দিচ্ছিলেন মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। ছবির মিল না থাকায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মনোয়ার হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিরুল ইসলামকে পরীক্ষায় পাস করাতে পারলে তিনি (মনোয়ার) টাকা পাবেন—এ কথা বলে তাঁকে নিয়ে আসা হয়। কথা ছিল কক্ষে কোনো ঝামেলা হবে না। কিন্তু পুলিশ গ্রেপ্তার করার পর বিষয়টি নিয়ে খুব অনুতপ্ত হন তিনি। এক বছর আগে তিনি ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে চাকরি পান। তিনি হরিণাকুন্ডু উপজেলার সিংগা গ্রামের দীন মোহামঞ্চদের ছেলে।