ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধার সংগ্রাম পরিষদের সদস্যসচিব সিরাজুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বাতিল ও নতুন করে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।
সিরাজুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের সন্ধ্যাকালীন কোর্সের (ইএমবিএ) ছাত্র।
গত ১৩ মার্চ রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ আলমকে লাঞ্ছনার অভিযোগে সিরাজুল ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ১৬ মার্চ গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বেদখল হওয়া হল উদ্ধার আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই সিরাজুল ইসলামকে মিথ্যা অভিযোগে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় শাখা জাসদ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, ছাত্রলীগের সহসভাপতি হিমেলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, পরিবেশবিষয়ক সম্পাদক জুবায়ের প্রিন্স প্রমুখ৷