ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণ চেষ্টার অভিযোগ
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মুখে অজ্ঞান করার মলম মেখে দিয়ে এক আদিবাসী ছাত্রীকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে।
ছাত্রীর পরিবার ও বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের (বিএমএসসি) পক্ষ থেকে অভিযোগ করা হয়, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এক ছোট ভাইসহ আদিবাসী ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে বেতবুনিয়া শিয়ালবুক্কে এলাকায় কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিহাবসহ কয়েকজন যুবক পথরোধ করেন। এ সময় ছাত্রীটি চলে যেতে চেষ্টা করলে শিহাব তার মুখে মলম মেখে দেন। এর পরপরই ছাত্রীর মাথা ঘুরতে শুরু করলে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে ফিরে যায়। বিষয়টি জেনে ছাত্রীর বাবা ছাত্রলীগ কর্মীদের কাছে যান। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাঁকে নাজেহাল করেন।
এদিকে শিহাবসহ ছাত্রলীগের কর্মীরা দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আওয়ামী লীগ নেতা কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যজাই মারমা ও বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা বেশ কয়েকবার মীমাংসার কথা বলেন। কিন্তু মীমাংসা করা হয়নি।
যোগাযোগ করা হলে বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দোহা কোনো সময় মীমাংসার কথা বলেননি বলে দাবি করেন। তবে গতকালের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর নিয়ে ঘটনাটির সত্যতা পাওয়া গেছে। তবে স্থানীয়ভাবে মীমাংসার জন্য ছাত্রীটির পরিবার থেকে অনুরোধ জানানো হয়েছে।’
শিহাব কলমপতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে নিশ্চিত করে চেয়ারম্যান বলেন, ‘সে পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এর আগেও ছাত্রীটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার ঘটনাটা শুনেছি।’ বিএমএসসির রাঙামাটি জেলা সভাপতি সানু মং মারমা বলেন, ‘আমরা ঘটনাস্থল ঘুরে এসে ঘটনার সত্যতার ব্যাপারে নিশ্চিত হয়েছি। এ ছাড়া ছাত্রলীগের ওই নেতা-কর্মীদের দীর্ঘদিন ধরে ছাত্রীকে উত্ত্যক্ত করারও অভিযোগ পেয়েছি। আমরা ওই ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবি জানাচ্ছি।’ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি বড়ুয়া বলেন, ‘ঘটনার ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।’