ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কাঁচপুরের ব্যবসায়ীদের বিস্তর অভিযোগ
নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের শ্যালক ও সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম খান কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানায় চাঁদাবাজি, জমি দখল এবং ঝুট ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা৷ পাশাপাশি নূরে আলম খান এক ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করেছেন বলে পুলিশ সদর দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ীর ভাই৷
গত ২২ মে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবরে পাঠানো লিখিত অভিযোগে কাঁচপুরের আট ব্যবসায়ী উল্লেখ করেন, শামীম ওসমান ও নূর হোসেনের নাম ব্যবহার করে নূরে আলম খান ২০০৮ সাল থেকে কাঁচপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানা দখল করে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, নির্মাণকাজের ঠিকাদারি, জমি দখল এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ শুরু করেন৷ এ ছাড়া তিনি কাঁচপুর এলাকার আবদুল মজিদ মিয়ার এক বিঘা জমি, চেঙ্গাইন এলাকার শাহ আলম হোসেনের ৫০ শতাংশ জমিসহ কাঁচপুর এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার জমি জোর করে দখল করে নিয়েছেন৷
নাম প্রকাশ না করার শর্তে কাঁচপুর এলাকার একাধিক শিল্প-কারখানার মালিক প্রথম আলোকে জানান, শামীম ওসমান, নূর হোসেন ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নাম ব্যবহার করে নূরে আলম খান ব্যবসায়ীদের জিম্মি করে রেখেছেন৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি৷
কাঁচপুরের ব্যবসায়ী ইসমাইল হোসেন ৭ ফেব্রুয়াির নিখোঁজ হন৷ এরপর চার মাস পার হলেও ইসমাইলের কোনো সন্ধান পাওয়া যায়নি৷ ইসমাইল হোসেনের ছোট ভাই আবদুল মান্নান সম্প্রতি সংবাদ সম্মেলনে ও এসপির কাছে দেওয়া লিখিত অভিযোগে বলেছেন, নূরে আলম কাঁচপুরের সব কারখানার ঝুট ব্যবসা ও ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করার জন্যই তাঁর ভগ্নিপতি নূর হোসেনের মাধ্যমে র্যাব-১১-এর সদস্যদের দিয়ে তাঁর ভাইকে অপহরণ করিয়ে হত্যার পর লাশ গুম করেছে৷ তিনি আরও অভিযোগ করেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক (সিও) লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ ও মেজর আরিফ র্যাব কার্যালয়ে তাঁদের ডেকে নিয়ে দুই কোটি টাকা দািব করেন৷ তাঁরা এক কোটি টাকা দিতে রািজ হলেও র্যাবের অধিনায়ক তাতে রািজ হননি৷ আবদুল মান্নান তাঁর ভাইয়ের হত্যা মামলায় র্যাবের ওই দুই কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর জন্য জেলা এসপির কাছে অনুরোধ করেছেন৷ জানতে চাইলে নূরে আলম খানের বড় ভাই মাহবুব খান বলেন, ‘আমার ছোট ভাই চাঁদাবািজ ও মাদক ব্যবসা এবং অপহরণের সঙ্গে জড়িত নয়৷ রাজনৈতিক অস্থিরতার কারণে আমার ভাই আত্মগোপনে রয়েছে৷’
নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জীবন কান্তি সরকার বলেন, নূরে আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে৷ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷ অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে৷ সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘নূরে আলম খানের অপকর্মের দায় আমরা নেব না৷ তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর তদন্ত হওয়া দরকার৷’