ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আ.লীগ নেতার
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও জোর করে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহামঞ্চদ সফিউল্যা পাটোয়ারী। গতকাল মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর স্থানীয় একটি পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোহামঞ্চদ সফিউল্যা পাটোয়ারী জানান, পৌরসভার অনুমতি নিয়ে ১ নম্বর ওয়ার্ডের শাহাপুর রোডে তিনি নতুন বাড়ি নির্মাণ করতে যান। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান পাটোয়ারী তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা বাড়ির নির্মাণকাজ জোরপূর্বক বন্ধ করে দেন। এর জের ধরে গত সোমবার রাতে পৌরসভার কলেজ রোডে সফিউল্যা পাটোয়ারীর দুই ছেলে আইনজীবী হাবিবউল্যা ও মো. জেড এম জহিরুল ইসলামের ওপর মুনিরুজ্জামান ও তাঁর বাহিনীর লোকেরা সশস্ত্র হামলা চালায়। হামলায় তাঁরা দুজনই আহত হন। এ ব্যাপারে সফিউল্যা পাটোয়ারী লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে সফিউল্যা পাটোয়ারী আরও জানান, ওই দিন রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত মুনিরুজ্জামান পাটোয়ারী ও তাঁর সমর্থকেরা তাঁদের থানায় অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশি পাহারায় তাঁরা বাড়ি যান। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক মো. আবদুস সালাম জানান, থানায় অবরুদ্ধ করার ঘটনা সত্য নয়। তিনি জানান, উভয় পক্ষ থানায় গিয়েছে। সফিউল্যা পাটোয়ারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান পাটোয়ারীর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের একটি অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে তদন্ত হবে।