ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দরপত্র ছিনতাইয়ের অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা থেকে দরপত্র কিনে নিয়ে যাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও তাঁর কর্মীরা তা ছিনতাই করেছেন বলে অভিযোগ ক্রেতা পক্ষের। ঠিকাদারি প্রতিষ্ঠান আহসান এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বাদশা মিয়ার অভিযোগ, গতকাল রোববার সকালে দরপত্র কিনে নিয়ে যাওয়ার পথে তাঁর কাছ থেকে ওই দরপত্র ছিনতাই করা হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন রফিকুল ইসলাম।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর সার কারখানার বিভিন্ন শাখার জন্য দৈনিক ভিত্তিতে ২৮৯ জন দক্ষ শ্রমিক সরবরাহ করার জন্য দরপত্র আহ্বান করা হয়। আহসান এন্টারপ্রাইজের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বলেন, তাঁর প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটকে রেখে দরপত্র ছিনতাই করে নিয়ে গেছেন ছাত্রলীগের নেতা রফিকুল। তিনি এ ব্যাপারে মামলা করবেন বলে জানান।ব্যবস্থাপক বাদশা মিয়া বলেন, ‘দরপত্র কিনে কারখানার প্রশাসনিক ভবনের ফটকের সামনে আসা মাত্র ছাত্রলীগের নেতা রফিক ও তাঁর কর্মীরা আমাকে ডেকে নিয়ে পাশের খাবার হোটেলে দুই ঘণ্টা আটকে রাখে এবং দরপত্র ছিনিয়ে নিয়ে যায়।’