ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ-নির্যাতনেরমামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ, গর্ভপাত ও নির্যাতনের অভিযোগে ঢাকার সাভারে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা করেছেন এক কলেজছাত্রী (১৯)। গত রোববার রাতে সাভার মডেল থানায় ওই মামলা করা হয়।

আসামি আহম্মেদ রুবেল (২৭) সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা।

কলেজছাত্রী মামলার এজাহারে উল্লেখ করেন, রুবেলের সঙ্গে তাঁর পরিচয় ২০০৮ সালে। ওই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে রুবেল তাঁকে সাভার বাজার সড়কের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। কিন্তু বিয়ের আশ্বাস দেওয়ায় বিষয়টি তিনি গোপন রাখেন। এরপর তাঁরা নিয়মিত মেলামেশা করতে থাকেন। ২০১২ সালে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুবেল তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটান। এরপর চাপের মুখে রুবেল তাঁকে বিয়ে করেন। কিন্তু বিয়ের কাগজপত্র রুবেল রেখে দেন।

কলেজছাত্রীর মা অভিযোগ করেন, তাঁর মেয়েকে বিয়ে করার পরও সম্প্রতি রুবেল ব্যাংক কলোনি এলাকার আরেক মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ওই বিয়ের দিনও ধার্য করা হয়। যোগাযোগ করলে রুবেল পরিবারের ওপর দোষ চাপিয়ে তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। রুবেলের কথামতো তাঁর মেয়ে বাসা থেকে এক লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্যাংক কলোনি ছাপড়া মসজিদের কাছে যান। এ সময় রুবেল ও পরিবারের লোকজন তাঁর মেয়েকে মারধর করেন এবং মেয়ের কাছে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁর মেয়েকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানতে চাইলে ছাত্রলীগের নেতা আহম্মেদ রুবেল বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক থাকলেও তাঁকে বিয়ের আশ্বাস দিইনি। তাঁকে ধর্ষণ করার অভিযোগও মিথ্যা। প্রতারণার মাধ্যমে আমাকে বিয়ে করার জন্য মেয়েটি নাটক সাজিয়ে থানায় মামলা করেছেন।’

তবে কলেজছাত্রী বলেন, ‘আমি কোনো মিথ্যার আশ্রয় নিইনি। যা ঘটনা, তা-ই মামলায় উল্লেখ করেছি।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘অভিযোগ পেয়ে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’