ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বালু তোলার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিতাস নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। কুমিল্লার হোমনা উপজেলা ছাত্রলীগ কমিটির সদস্য ফারুক মিয়া শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বাঞ্ছারামপুর উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট থেকে তিতাস নদীটির বাঞ্ছারামপুরের অংশ শুরু হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। নদীর পশ্চিমাংশে আধা কিলোমিটারজুড়ে হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রাম অবস্থিত।ঝগড়ারচর গ্রামে গিয়ে দেখা যায়, তিতাস নদীর পশ্চিম দিক থেকে শ্যালো ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। বালু তোলার কাজে নিয়োজিত শ্রমিক শ্রীমদ্দি গ্রামের মো. আবদুল বলেন, ‘ঝগড়ারচরের ফারুক ভাই ড্রেজার ভাড়া আনছে। ফারুক ভাই কইছে দিনের বেলায় ড্রেজার বন্ধ রাইখা রাইতে চালাইতে। পাঁচ-ছয় দিন ধইরা চালাইতাছি।’ছাত্রলীগের নেতা মো. ফারুক বলেন, ‘বাড়ির সামনের নদীর ঘাটে শুষ্ক মৌসুমে পানি থাকে না, তাই নদীর এই অংশ থেকে বালু তুলছি। বালু তোলার জন্য কারও কাছ থেকে অনুমতি নিইনি।’