ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিবির-তোষণের অভিযোগ
শিবির-তোষণ, নিয়োগ-বাণিজ্য, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ও নিষিদ্ধ করেছে তাঁরই অনুসারীরা।
আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তাঁরা। এ সময় তাঁরা ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক জালাল আহমেদ। তিনি বলেন, বর্তমান সভাপতি মামুনুল হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন নিয়োগ-বাণিজ্যের সঙ্গে জড়িত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণাধীন ভবনের টেন্ডারবাজিতেও তিনি জড়িত। সব ধরনের সাম্প্রদায়িক ও মৌলবাদবিরোধী কর্মসূচিতে মামুনুল হক নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন উল্লেখ করে তিনি বলেন, শিবিরের করা মামলায় সংগঠনের সাধারণ কর্মীরা থাকলেও সভাপতির নাম থাকে না। এ ছাড়া মামুনুল নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য সংগঠনের মধ্যে সব সময় অন্তঃকোন্দল লাগিয়ে রাখেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী বিবাহিত হওয়ায় তাঁরও পিছুটান রয়েছে উল্লেখ করে সম্মেলনে নেতা-কর্মীরা বলেন, বর্তমান কমিটির প্রায় ৫০ জন নেতার নিয়মিত ছাত্রত্ব নেই। তাঁদের দিয়ে ক্যাম্পাসে মৌলবাদবিরোধী রাজনীতি করাও সম্ভব নয়। তাঁরা সাংগঠনিক কাজ বাদ দিয়ে টাকার কাজই করে থাকেন।
গত জুলাই মাসে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ছাত্রলীগের তালা লাগানোর বিষয়ে নেতা-কর্মীরা বলেন, সভাপতি মামুনুল হকের একক নির্দেশ ও ইন্ধনে সংগঠনের কর্মীরা এ ঘটনা ঘটিয়েছিলেন। তবে মামুনুল হক তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলো ডটকমকে বলেন, ‘এসব অভিযোগের ভিত্তি নেই। যারা এসব অভিযোগ এনেছে, তারা নিজেদের স্বার্থ উদ্ধারে এসব করছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির আহমেদ চৌধুরী, জোনায়েদ এয়াকুব, সাংগঠনিক সম্পাদক মো. আল জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো. হাবিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরোয়ার পারভেজ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক রূপম বিশ্বাস, উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মাকসুদুর রহমানসহ অর্ধশতাধিক নেতা-কর্মী।