ছাত্রলীগ নেতার ভাইকে চাকরি না দেওয়ায় কলেজে তালা
প্রভাষক পদে চাকরি না দেওয়ায় ভোলার চরফ্যাশনের একটি কলেজের শিক্ষক ও ছাত্রদের বের করে দিয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গত রোববার উপজেলার দুলারহাট আদর্শ ডিগ্রি কলেজে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ শাহে আলম খোকন চরফ্যাশন থানায় জিডি করেছেন।
গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতারা গিয়ে ওই তালা খুলে দেন।
অধ্যক্ষ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. নীরবের বড় ভাই আওয়ামী লীগ কর্মী মোস্তফা কামাল দুলারহাট কলেজের অধ্যক্ষের কাছে ইংরেজি বিভাগের প্রভাষক পদে চাকরি চান। কিন্তু কলেজে কোনো পদ খালি না থাকায় অধ্যক্ষ চাকরি দেননি। এতে ক্ষুব্ধ হয়ে গত বছরের ১৭ ডিসেম্বর মোস্তফার নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা কলেজে ভাঙচুর চালান। এ ঘটনায় এলাকায় সালিস বসলে মোস্তফা ঘটনার জন্য ক্ষমা চান। এরপর মোস্তফা স্থানীয় সাংসদ এবং বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলামের সুপারিশসহ কলেজে পাঠদানের অনুমতি দিতে চলতি মাসে অধ্যক্ষের কাছে আবেদন করেন। অধ্যক্ষ সেটিও নাকচ করায় ক্ষুব্ধ হন মোস্তফা ও তাঁর ভাই নীরব।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নীরব ১৫-২০ জন কর্মী নিয়ে লাঠিসোঁটাসহ কলেজে যান। তাঁরা কলেজের বিভিন্ন কক্ষের দরজা-জানালায় লাঠি দিয়ে আঘাত করে ছাত্র-শিক্ষকদের বের করে দেন। এরপর তাঁরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান।
গতকাল সকালে নুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হাওলাদার নীরবের কাছ থেকে চাবি এনে তালা খুলে দেন। অধ্যক্ষ জানান, চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতারা তাঁকে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে পাল্টাতে বলেছেন। নয়তো এ ধরনের হামলার ঘটনা ঘটতে থাকবে বলে জানান।
ছাত্রলীগ নেতা মো. নীরব বলেন, ‘এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি কলেজে এলাকার একজন শিক্ষক চাকরি করবেন। সে দাবি বাস্তবায়ন হচ্ছে না অধ্যক্ষের কারণে। এ জন্য এলাকাবাসী ও ছাত্ররা রোববার কলেজে হামলা চালিয়ে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’