ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে ধর্মঘট
বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সহসভাপতি ও পরিবহন মালিক নেতা শফিকুল ইসলামের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে পরিবহন ধর্মঘট পালিত হয়েছে। ফলে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর থেকে কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী পিকআপ, সিএনজি, অটোরিকশা ও ম্যাক্সি চলাচল বন্ধ থাকে। কিশোরগঞ্জ জেলা পিকআপ সিএনজি ম্যাক্সি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘট আহ্বান করে।কর্মসূচির পক্ষে গতকাল সকালে জেলা শহরের নগুয়া এলাকায় পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে নগুয়া বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পিকআপ সিএনজি ম্যাক্সি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোস্তফা আহমেদ শাহীন ও সাধারণ সম্পাদক দিদারুল হক দিদার, পিকআপ শ্রমিক সমিতির সভাপতি দুলাল মিয়া ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হিরণ, পরিবহন নেতা মাসুদ ইকবাল, ছাত্রলীগের নেতা জুবায়ের আলম ও সমাজসেবক শিহাব উদ্দিন আহাদী।