ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতা মামুনুর রশীদের মুক্তির দাবি এবং হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে গতকাল শনিবার সকালে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক নেতা ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আইনুল আহমদ, ছাত্রলীগের কারাবন্দী নেতার ভাই মোস্তফা কাজল, কফিল উদ্দিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রায়হান হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।মোস্তফা কাজল জানান, বাড়ি থেকে ডেকে নিয়ে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।এদিকে চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জানান, গত রোববার রাতে বাবলু ও নাছির বাহিনীর নাছিরসহ সাতজনকে র্যা ব-৭ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে একটি মাইক্রোবাসসহ আটক করে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে কুমিল্লা থানার পুলিশ দুটি মামলা দায়ের করে। বর্তমানে তাঁরা কুমিল্লা কারাগারে রয়েছেন।