ছাত্রলীগ নেতার রগ কাটল শিবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম তৌহিদ আল হোসেন
এস এম তৌহিদ আল হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে হামলা চালিয়েছে ‘ছাত্রশিবির’। হামলাকারীরা তাঁর দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে। তুহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার অস্ত্রোপচার করা হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।ছাত্রলীগ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হলে ছাত্রলীগের আলোচনা সভা ছিল। ওই কর্মসূচি শেষে করে রাত ১০টার দিকে পাঁচ-সাতজন নেতা-কর্মীসহ মাদার বখশ হলের দিকে যাচ্ছিলেন তুহিন। এসময় ৮ থেকে ১০ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। অন্ধকারে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তুহিনের দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। তাদের অস্ত্রের আঘাতে তুহিনের ডান কানের কাছে বড় রকমের জখম হয়েছে। একই সময় গুলি করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তাদের ছোঁড়া গুলি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাওনের ডান বাহুতে লাগে। গুলি বাহুর একপাশ থেকে অন্যপাশ দিয়ে বের হয়ে গেছে।খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তুহিন ও শাওনকে সরাসরি হাসপাতালে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের দুইজনের অস্ত্রোপচার চলছিল। হাসপাতালের চিকিত্সকেরা জানিয়েছেন, তুহিনের অবস্থা গুরুতর।অস্ত্রোপচার কক্ষে ঢোকার আগে শাওন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘তাদের সঙ্গে পাঁচ থেকে ছয়জন ছিলেন।

আহত ছাত্রলীগ নেতা শাওন
আহত ছাত্রলীগ নেতা শাওন

শিবিরের হামলায় কমবেশি সবাই আহত হয়েছে।’ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, ‘রাতের অন্ধকারে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তুহিনের ওপর হামলা চালিয়ে তার হাত পায়ের কেটেছে।’অভিযোগের বিষয়ে জানতে ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ও প্রচার সম্পাদক জিয়াউদ্দিন হাসিবের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।বিশ্ববিদ্যালয় প্রক্টর তারিকুল হাসান জানান, ‘আমরা ঘটনাটি শুনেছি। বর্তমানে ক্যাম্পাসে পরিস্থিতি শান্ত রয়েছে।’ গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিলের মাধ্যমে মিজানুর রহমানকে সভাপতি এবং এস এম তৌহিদ আল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। তুহিন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল
এস এম তৌহিদ আল হোসেন তুহিন ও শাওনের ওপর হামলার ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ। ক্যাম্পাসে শুরু হয়ে শাহবাগ থানার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এরপর তারা বিক্ষোভ করেন। এ সময় তারা ছাত্রলীগ নেতারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যের রয়েছে কাল শুক্রবার দেশের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।