ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় দোষীদের শাস্তি দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরকে দায়ী করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। তবে হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছে ছাত্রশিবির।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মিজানুর রহমান অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। তাঁদের সেই হুমকির ফলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনের ওপর এমন বর্বরোচিত হামলা হলো।
মিজানুর রহমান বলেন, ‘শিবির যতই রক্তচক্ষু দেখাক না কেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের রক্ত ঢেলে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকে প্রতিরোধ ও প্রতিহত করবে। হামলা, ভয়ভীতি আর হুমকি দিয়ে ছাত্রলীগকে নিশ্চিহ্ন করা যাবে না।’
কেন্দ্রীয় ছাত্রলীগ আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো বিক্ষোভ হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, ‘ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তার প্রতি সম্মান দেখিয়ে বিক্ষোভ না করে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’
হামলার ঘটনার পর ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগ ধৈর্যের পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন মিজানুর রহমান। শিবিরকে মৌলবাদী এবং আন্ডার গ্রাউন্ডের সংগঠন উল্লেখ করে এটি নিষিদ্ধ করার জন্য সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হামলার ঘটনায় এখনো মামলা না করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বলা হয়, আহত ছাত্রলীগ নেতা তুহিনের বাবা-মা ঢাকায় অবস্থান করায় মামলা করতে দেরি হচ্ছে। তাঁরা রাজশাহীতে ফিরে আসার পর তাঁদের সঙ্গে আলোচনা করে দু-একদিনের মধ্যে মামলা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক খালিদ হোসেন, আমানুল্লাহ সরকার, সদস্য সাইদুল ইসলাম, ফিরোজ সরকার, ইয়াসির আরাফাত, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি শফিকুজ্জামান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি রানা চৌধুরী, সরকার ফারহানা আক্তার, যুগ্ম সম্পাদক সাহানুর ইসলাম প্রমুখ।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতর্কিত হামলা চালিয়ে ছাত্রলীগের সম্পাদক তুহিনের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করেছে পুলিশ।