ছাত্রলীগ নেতার রগ কেটে দিল 'শিবির ক্যাডাররা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে কারমাইকেল কলেজে আজ বুধবার মোশাররফ হোসেন নামের ছাত্রলীগের এক নেতার দুই হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। ছাত্রশিবিরের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বেলা আড়াইটার দিকে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসের পশ্চিমে কমনরুমের পেছনের দিকে এ ঘটনা ঘটে। মোশাররফকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোশাররফ হোসেন ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ রোডের আবাসিক পারভেজ ছাত্রাবাসে থাকেন। তাঁর বাড়ি নীলফামারী জেলায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্যাম্পাসে একা পেয়ে মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা ধারালো ছুরি দিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেয়। এ ছাড়া তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানেও আঘাত করে। মোশাররফের চিত্কারে সাধারণ শিক্ষার্থীরা ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিত্সক বিমল রায় বলেন, মোশাররফের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। জরুরি  অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। 

এদিকে এ ঘটনার পর কলেজ ক্যাম্পাসসহ কলেজের চারপাশে অবস্থিত মেসগুলোতে পুলিশি অভিযান শুরু হয়েছে। পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কলেজের অধ্যক্ষ শাহ মো. মোকসেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ ক্যাম্পাসের পশ্চিম দিকে কমনরুমের পেছনে  এ ঘটনা ঘটেছে।

কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে অভিযুক্ত করে বলেন, দুদিন ধরে কলেজে ছাত্রশিবিরের সন্ত্রাসীদের আনাগোনা শুরু হয়েছে। তারা আবারও কলেজ ক্যাম্পাস নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এদিকে গত সোমবার কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রশিবির কলেজ কমিটির সহসভাপতি মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর গ্রেপ্তারের ঘটনায় ছাত্রশিবিরের সন্ত্রাসীরা চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে বলে পুলিশের ধারণা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, ছাত্রশিবির কলেজ কমিটির সহসভাপতি মনোয়ারুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় ছাত্রশিবির এই ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার পর কলেজে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কলেজ পাড়ার আবাসিক মেসগুলোতে পুলিশ তল্লাশি শুরু করেছে।