ছাত্রলীগ নেতার রগ, যুবলীগ নেতার কবজি কর্তন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায়কে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে শিবির। গত বুধবার রাতে নগরের সুবিদবাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
একই রাতে রংপুরে যুবলীগ নেতা হামিদুল ইসলাম খান ওরফে সুমনের দুই হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি রংপুর নগরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হামিদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা অঞ্জন সিএনজিচালিত অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সিলেট নগরের আম্বরখানার বাসায় ফিরছিলেন। পথে রাত ১১টার দিকে সুবিদবাজারের সোনারবাংলা কমিউনিটি সেন্টারের সামনে চারটি মোটরসাইকেলে করে ১০-১২ জন দুর্বৃত্ত এসে তাঁর পথ রোধ করে এবং হামলা চালায়। হামলাকারীদের মধ্যে দুজন অঞ্জনের দিকে বন্দুক তাক করে রাখে। বাকিরা উপর্যুপরি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কয়েকজন পথচারী এসে অঞ্জনকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
অঞ্জন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ইহতেশামুল হক চৌধুরী গতকাল প্রথম আলোকে জানান, অঞ্জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এতে তাঁর দুই পা ও ডান হাতের মোট আটটি রগ কাটা পড়েছে। এক জায়গায় হাড়ও কেটে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বুধবার রাতেই দুই দফা অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সন্দীপন রায় অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে ছাত্রশিবিরের ধারাবাহিক হামলার অংশ এটি। তিনি বলেন, হাসপাতালে ভর্তির সময় অঞ্জন হামলাকারী শিবিরের চার কর্মীকে চিনেছেন বলে জানিয়েছেন। অঞ্জনের পক্ষে মামলার করার প্রস্তুতি চলছে।
তবে মহানগর শিবিরের সভাপতি আনোয়ারুল ওয়াদুদ দাবি করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আয়ুব জানান, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রংপুরের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের জাহাজ কোম্পানি মোড়ের পাশে বাটার গলি হয়ে রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে মুন্সিপাড়ার বাসায় যাচ্ছিলেন যুবলীগ নেতা হামিদুল। এ সময় চার-পাঁচজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে হামলা চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে হামিদুলের দুই হাতের কবজি কেটে ফেলে তারা। এ সময় হামিদুলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, হামিদুল একজন কেব্ল টিভি নেটওয়ার্ক ব্যবসায়ী। এই ব্যবসা-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।