নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার ছাত্রলীগের নেতা আল মামুনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনার তদন্তে পুলিশ সেখানে যায়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গতকাল দুপুরে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অশোক কুমার দত্তের আদালতে আল মামুনকে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, ১৮ জুলাই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মেয়েটির পরিবারের দেওয়া অভিযোগ তদন্ত করতে গিয়ে ওই দিন সন্ত্রাসী হামলার শিকার হন সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুমনা পারভীন ও কনস্টেবল জুলকারনাইন। পরে অতিরিক্ত পুলিশ এসে তাঁদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুনকে গ্রেপ্তার করে। সেই ঘটনায় সুমনা পারভীন পুলিশের কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও জখমের অভিযোগ এনে আল মামুনকে আসামি করে মামলা করেন।