ছাত্রলীগ নেতার সন্ধান দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগ নেতা সোহাগকে ফিরে পেতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা–সংলগ্ন রাস্তার সামনে গতকাল মানববন্ধন করেছেন সোহাগের পরিবারের সদস্য ও জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। মানববন্ধনের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সোহাগের মা (ইনসেটে) l ছবি: প্রথম আলো
ছাত্রলীগ নেতা সোহাগকে ফিরে পেতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা–সংলগ্ন রাস্তার সামনে গতকাল মানববন্ধন করেছেন সোহাগের পরিবারের সদস্য ও জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। মানববন্ধনের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন সোহাগের মা (ইনসেটে) l ছবি: প্রথম আলো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের নেতা সাইফুজ্জামান সোহাগের সন্ধানের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন করেছে জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতি। এদিকে সাইফুজ্জামান নিখোঁজ হওয়ার তিন দিন পর গত রোববার নগরের রাজপাড়া থানায় একটি অপহরণের মামলা করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় জেলা ক্রীড়া সংস্থাসংলগ্ন রাস্তার সামনে আয়োজিত মানববন্ধনে সাইফুজ্জামানের স্ত্রী ফারজানা রহমান তাঁর স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন। রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক সেকেন্দার আলীও অবিলম্বে সাইফুজ্জামানকে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
কর্মসূচিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমের বাবা মোহাম্মদ শামসুদ্দিন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক সেকেন্দার আলী, রাজশাহী মহানগর জেলা স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও নিখোঁজ সাইফুজ্জামানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, সাইফুজ্জামানের বাবা আক্কাস উজ জামান বাদী হয়ে র্যাব ও ডিবি পুলিশের পোশাকধারী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
গত বুধবার দিবাগত রাতে র্যাব পরিচয়ে আট থেকে দশজন লোক সাদা একটি মাইক্রোবাসে এসে রুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর ক্যামেরা, ল্যাপটপ ও স্ত্রীর গয়না নিয়ে যায় অপহরণকারীরা। ঘটনার পর সাইফুজ্জামানের বাবা রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহবুবুর রহমান বলেন, ‘আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখছি। কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি কারা সাইফুজ্জামানকে তুলে নিয়ে গেছে।’
র্যাব-৫ রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোবাশ্বের রহিম বলেন, যে মুঠোফোন নম্বর থেকে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল সেই নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। আর এক লাখ টাকা চাওয়াটাও তাঁদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।