ছাত্রলীগ নেতার হত্যা মামলায় সাবেক ওসির কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে হত্যা করার দায়ে আদালত পুলিশের এক কর্মকর্তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ওই মামলার অন্য ছয়জন আসামি বেকসুর খালাস পেয়েছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ গতকাল বৃহস্পতিবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত মো. শরিফ উদ্দিন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। সাজার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের ওয়াহিদুজ্জামান ওরফে শিপলু জয়নাল আবেদীন মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০০২ সালের ২০ মার্চ পুলিশ ওয়াহিদুজ্জামানের বাড়িতে তাঁকে ধরতে যায়। ওয়াহিদুজ্জামানকে আটক করলে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের অস্ত্র থেকে গুলি বের হলে ওয়াহিদুজ্জামান মারা যান।
এ ঘটনায় ২৩ মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদী হয়ে তাহিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ উদ্দিন, থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুনাব আলী, উপজেলা ছাত্রদলের বর্তমান সভাপতি মেহেদী হাসান, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামি দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। পরে প্রমাণিত হয় অস্ত্রটি শরিফ উদ্দিনের ছিল।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) খায়রুল কবির।