ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শিকদারের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে নাহিদের দুই পা ও এক হাতের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক শফিকুল ইসলাম।
নাহিদের দেওয়া বক্তব্যের বরাত দিয়ে এসআই সাইফুল আলম জানান, নাহিদ হামলাকারীদের মধ্যে একজনকে চিনতে পেরেছেন। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না। হামলার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান আলীর ভাষ্য, ঘটনার সময় নাহিদের সঙ্গে থাকা লোকজন দেখেছেন শিবিরের কর্মীরাই এ হামলা চালিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে শহর ছাত্রশিবিরের সভাপতি গোলাম মোস্তফার ভাষ্য, ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কেউ জড়িত নয়। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটে থাকতে পারে। দোষ চাপানো হচ্ছে ছাত্রশিবিরের ওপর।