ছাত্রলীগ নেতার হাতে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত!
চট্টগ্রামের মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও আওয়ামী লীগের প্রবীণ নেতা আবুল হাশিমকে ছাত্রলীগের এক নেতা লাঞ্ছিত করছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারে এ ঘটনা ঘটে। নাম প্রকাশ না করার শর্তে ওই বাজারের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জিয়াউল হক রাত নয়টার দিকে হঠাৎ আবুল হাশিমকে গালাগাল করেন। একপর্যায়ে তাঁকে ধাক্কা মারেন জিয়াউল। পরে বাজারের লোকজন এগিয়ে এসে আবুল হাশিমকে উদ্ধার করেন। আবুল হাশিম বলেন, ‘আমাকে লাঞ্ছিত করার বিষয়টি মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনকে জানিয়েছি। তাঁরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’ ধাক্কা দেওয়া ও গালমন্দ করার অভিযোগ অস্বীকার করে জিয়াউল বলেন, ‘এলাকার রাস্তা দিয়ে আমার ট্রাকভর্তি মাটি আনতে বাধা দেওয়ায় আমি তাঁকে শুধু জিজ্ঞেস করেছি।’