ছাত্রলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও সহযোগী অধ্যাপক গোলাম মইনুদ্দিন ছাত্রলীগের এক নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই নেতার নাম মামুন খান। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক এবং একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুনকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় তিনি ওই শিক্ষকের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি শিক্ষককে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দেন।
গোলাম মইনুদ্দিন বলেন, ‘বিভাগের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারে ন্যূনতম জিপিএ ২.৫০ না পাওয়ায় তার স্নাতকোত্তর দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। পরীক্ষায় অংশ নিতে হলে একাডেমিক কাউন্সিলের অনুমতি লাগবে। এখানে আমার কিছু করার নেই জানালে সে আমাকে লাঞ্ছিত করে।’ এ বিষয়ে তিনি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ ব্যাপারে মামুন বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না।’
বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ বিবেচনায় পরীক্ষা দিতে না দেওয়ায় মামুন এবং শাখা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ আল জামানের বাধার কারণে গত ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সিমেস্টারের একটি পরীক্ষা স্থগিত করে বিভাগ।
এরপর গত ২৬ সেপ্টেম্বর একই সিমেস্টারের আরেকটি পরীক্ষার দিনে বিভাগে তালা ঝুলিয়ে দেন তাঁরা। পরে ওই সেমিস্টারের সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে বিভাগ।