ছাত্রলীগ নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত
ফরিদপুরে জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়-উদ-দৌলা (২২) আলফাডাঙ্গা উপজেলায় কর্মরত এক সাংবাদিককে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলা সদরের কলেজ রোডে এ ঘটনা ঘটে।
আহত ওই সাংবাদিক মুজাহিদুল ইসলাম ওরফে নাঈমকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুজাহিদুল অনলাইন নিউজ ঢাকা টাইমস ২৪ ডটকম ও এই সময় পত্রিকার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও কাশিয়ানী প্রতিনিধি এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহদপ্তর সম্পাদক।
অপরদিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি তন্ময়-উদ-দৌলা আলফাডাঙ্গা উপজেলার সদরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার সময় মুজাহিদুল ইসলাম উপজেলা সদরের কলেজ রোডে ঐশী স্টুডিওতে বসা ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতা তন্ময় মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। তন্ময় স্টুডিওতে ঢুকে ‘আমার দেড় হাজার টাকা ফেরত দিবি কবে’ বলে মুজাহিদুলের কলার চেপে তাঁকে স্টুডিওর বাইরে নিয়ে আসেন। এরপর মুজাহিদুলকে ঘুষি, চড়-থাপ্পড় মারতে শুরু করেন। একপর্যায়ে একটি রড দিয়ে পিটিয়ে আহত করেন। পরে এলাকাবাসী আহত মুজাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন রায় জানান, মুজাহিদুলের ঘাড়ে ও মাজায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।