ছাত্রলীগ নেতার হামলায় ছাত্রদল নেতা আহত
ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় গতকাল শনিবার ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা একটার দিকে মওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বেনজীর আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে টাকা তুলতে আসেন।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এতে বেনজীর অস্বীকৃতি জানালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপসম্পাদক আবদুর রহিম ওরফে জুয়েলের নেতৃত্বে রবিউল ইসলাম, জাভেদসহ সাত কর্মী বেনজীরকে রড দিয়ে পেটান। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। পরে তাঁকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি। কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’